ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

প্রশ্নপত্র ফাঁস: পিএসসির দুই উপ-পরিচালকসহ ৫ জন বরখাস্ত

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার পিএসসির দুই উপপরিচালকসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


মঙ্গলবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে এ তথ্য জানানো হয়েছে।


বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন- উপপরিচালক আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির, ডিসপাচ রাইডার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম।


পিএসসি জানায়, গত ৫ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ ও বিতরণের সঙ্গে জড়িত থাকা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মচারী কর্তৃক অপরাধ সংগঠনের সহায়তা করার অভিযোগে কমিশন সচিবালায়ের পাঁচজন কর্মকর্তা-কর্মচারীকে সিআইডি গ্রেপ্তার করে এবং তাদের কারাগারে নেওয়া হয়েছে।


বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন ২০২৩ এর ১১ ও ১৫ ধারা অনুযায়ী পল্টন থানায় ১৫/৩১০ নম্বর মামলা দায়ের এবং মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাদের সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৩৯ (২)অনুসারে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।


প্রশ্নপত্র ফাঁসের মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ সাতজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে নেওয়া হয়েছে। এদের মধ্যে ৬ জন জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া সৈয়দ আবেদ আলীর ছেলেসহ ১০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।


কারাগারে যাওয়া আসামিরা হলেন- পিএসসির উপ-পরিচালক মো. আবু জাফর ও মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. আলমগীর কবির, পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সোহানুর রহমান সিয়াম, সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিকী, অডিটর প্রিয়নাথ রায়, ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মো. মামুনুর রশীদ ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান মো. নিয়ামুন হাসান।


এর আগে সোমবার (৮ জুলাই) রাতে রাজধানীর পল্টন থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে সিআইডির উপপরিদর্শক নিপ্পন চন্দ্র চন্দ বাদী হয়ে মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়।


ads
ads
ads

Our Facebook Page

↑